ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ইজিয়ামের দখল নিয়েছে রুশ বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনোশেনকভ বৃহস্পতিবার মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে কোনোশেনকভ বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার সেনাবাহিনী তাদের বিশেষ সামরিক অভিযান অব্যাহত রেখেছে। আজ, ২৪ মার্চ সকালে দেশটির খারকিভ অঞ্চলের শহর ইজিয়ামের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছেন রুশ সেনারা।’
ইউক্রেনের সাবেক রাজধানী ও দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের খুব কাছেই অবস্থান ইজিয়ামের। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা রাশিয়ার এই দাবি স্বীকার করে নিয়েছেন; তবে বলেছেন, দখল ফিরে পেতে ইজিয়ামে এখনও লড়াই করছে ইউক্রেনীয় সেনারা।
বার্তাসংস্থা এএফপিকে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘ইজিয়ামের দখল ফিরে পেতে সেখানে আমাদের সেনা সদস্যরা এখনও লড়াই করছেন।’
গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া; এবং তার দু’দিন পর, ২৪ তারিখ ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বৃহস্পতিবার ৩০ দিনে পৌঁছেছে এই অভিযান। গত ১০ দিনের ব্যবধানে এই নিয়ে তিনটি শহর দখল করল রুশ বাহিনী। এর আগে ১৫ মার্চ দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনের দখল নেয় রুশ সেনারা।
ইজিয়াম শহরটি কৌশলগতভাবে তাৎপর্যপূর্ণ রাশিয়ার জন্য। কারণ মাত্র ৫০ হাজার মানুষ অধ্যুষিত এই ছোট শহরটি দোনেতস্ক ও লুহানস্কের অন্যতম প্রবেশদ্বার। এছাড়া এই শহরটিতে একটি রেল জংশন আছে, যা ইউক্রেনের রেল যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সূত্র: বিবিসি
Development by: webnewsdesign.com