ব্রেকিং

x

মির্জা ফখরুলদের উন্নয়ন সহ্য হয় না: পরিকল্পনামন্ত্রী

শনিবার, ১২ মার্চ ২০২২ | ১১:০৩ অপরাহ্ণ | 175 বার

মির্জা ফখরুলদের উন্নয়ন সহ্য হয় না: পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের উন্নয়ন কর্মকাণ্ড সহ্য করতে পারছেন না বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, গত ১০-১২ বছরে আওয়ামী লীগ দেশকে বদলে দিয়েছে। দেশের এত পরিবর্তন, আওয়ামী লীগের এত উন্নয়ন মির্জা ফখরুলদের সহ্য হয় না। এ কারণেই তিনি এসির নিচে বসে উল্টাপাল্টা কথা বলছেন।

পরিকল্পনামন্ত্রীর নিজের এলাকা সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় আজ শনিবার দুপুরে পাথারিয়া সুরমা উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের উন্নয়নকাজের উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।



অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের উদ্দেশে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘তিনি যে দলের বর্তমান চেয়ারম্যান, সেই দলটি কীভাবে এসেছিল সেটা সবাই জানেন। প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ মার্শাল ল-এর মাধ্যমে এই দল প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে জি এম কাদের সাহেবদের এই দলের সংসদেও অবস্থান আছে। দুর্নীতি দেশে আছে, সেটা অস্বীকার করার সুযোগ নেই; সেটাও সবাই জানে, তিনি নিজেও জানেন। তাঁর দলের প্রধান যখন দেশের সরকারপ্রধান ছিলেন, সেই সময়ও দুর্নীতি ছিল। এর অনেক রেকর্ড আমাদের হাতে আছে। অতীত ঘাঁটাঘাঁটি করা আমাদের কাজ নয়, আমাদের কাজ হচ্ছে, সামনের দিকে এগিয়ে যাওয়া।’

দ্রব্যমূল্য বাড়ানোর ক্ষমতা আমাদের যেমন নেই, তেমনিভাবে কমানোরও ক্ষমতা নেই। তবে আমাদের কিছু কৌশল আছে, সেটা আমরা করছি।
এম এ মান্নান, পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘দ্রব্যমূল্য বাড়ানোর ক্ষমতা আমাদের যেমন নেই, তেমনিভাবে কমানোরও ক্ষমতা নেই। তবে আমাদের কিছু কৌশল আছে, সেটা আমরা করছি। আমরাও গ্রামগঞ্জে ট্রাকে করে চাল, ডাল, তেল, চিনিসহ জিনিসপত্র বিক্রি করছি। এ কার্যক্রমকে আরও বাড়ানো হবে। তবে দ্রব্যমূল্য শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই বেড়েছে। সেটা মানতে হবে। আমাদের সরকারের প্রচেষ্টায় সেটাকে আমরা সহনশীল পর্যায়ে রাখতে পেরেছি। তা না হলে দ্রব্যমূল্যের দাম আরও ব্যাপকভাবে বৃদ্ধি পেত। তবে আমরা চাই, এটা নেমে আসুক।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোক্তাদির হোসেন, শান্তিগঞ্জ উপজেলা প্রকৌশলী আল নুর তারেক প্রমুখ উপস্থিত ছিলেন।

নামাজের সময়সূচি

[prayer_time]

Development by: webnewsdesign.com