বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘বাংলাদেশের বর্তমান সংবিধান দিয়ে সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়নে প্রধান নির্বাচন কমিশনার কাজ করছেন।
জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির উদ্যোগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে, নিরপেক্ষ নির্বাচন ও চাকরি জাতীয়করণের দাবিতে আজ মঙ্গলবার এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘মানুষকে ভয় দেখিয়ে মানুষকে নিরুদ্দেশ করে আবারও নিশিরাতের ভোট ডাকাতির আয়োজন করা হচ্ছে। এ কারণে কাছের লোকদের দিয়ে নির্বাচন কমিশন গঠন করেছে সরকার। সে কমিশন প্রথম প্রথম বলছে সব রাজনৈতিক দল নির্বাচন করবে, আবার এখন বলছে সংবিধানের বাইরে যেতে পারবে না। আজকে যদি দেশে জবাবদিহিতা থাকত তাহলে অনেক কিছুই ঘটত না। জবাবদিহিতা না থাকায় দেশের মন্ত্রীরা কাণ্ডজ্ঞানহীন বক্তব্য রাখেন। জনগণ খেল কি বাঁচল- এতে তাদের কিছু যায়-আসে যায় না।’
Development by: webnewsdesign.com