ব্রেকিং

x

পুতিনের ঘনিষ্ঠ সহযোগীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত মার্কিন যুক্তরাষ্ট্র

মঙ্গলবার, ০১ ফেব্রুয়ারি ২০২২ | ৯:৫৪ অপরাহ্ণ | 149 বার

পুতিনের ঘনিষ্ঠ সহযোগীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত মার্কিন যুক্তরাষ্ট্র
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি ছবি: রয়টার্স

ইউক্রেনে হামলা হলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত।

গতকাল সোমবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এ কথা বলা হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।



হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি সাংবাদিকদের বলেন, তাঁরা কতিপয় ব্যক্তিকে (রুশ) শনাক্ত করেছেন। তাঁরা ক্রেমলিনের ঘনিষ্ঠ। তাঁরা সরকারি সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা পালন করেন।

জেন সাকি আরও বলেন, ‘আমরা রাশিয়ার অভিজাত ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য সুনির্দিষ্ট নিষেধাজ্ঞার প্যাকেজ তৈরি করেছি।’

গত মঙ্গলবার অবশ্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, রাশিয়া যদি ইউক্রেনে আগ্রাসন চালায়, তাহলে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর ব্যক্তিগতভাবে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করবে যুক্তরাষ্ট্র।

পরদিন বুধবার একই পদক্ষেপের ইঙ্গিত দেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রস। তিনি বলেছিলেন, ইউক্রেনে হামলা হলে পুতিনের ওপর ব্যক্তিগত নিষেধাজ্ঞাসহ যেকোনো পদক্ষেপ নিতে পারে তাঁর দেশ।

ইউক্রেনের পূর্ব সীমান্তে বিপুলসংখ্যক রুশ সেনা মোতায়েন নিয়ে মস্কোর সঙ্গে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোর উত্তেজনা চলছে।

কিয়েভ ও পশ্চিমা দেশগুলোর আশঙ্কা, ইউক্রেনে সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা করছে মস্কো। তবে মস্কো এ অভিযোগ অস্বীকার করে আসছে।

চলমান এই উত্তেজনার মধ্যেই গতকাল সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইউক্রেন সংকট নিয়ে বৈঠক আহ্বান করে যুক্তরাষ্ট্র। এ বৈঠকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কূটনীতিকদের মধ্যে তীব্র বাদানুবাদ হয়।

ইউক্রেনের বিষয়ে নতুন করে বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা। আজ মঙ্গলবার এ বৈঠক হবে বলে ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে।

নামাজের সময়সূচি

[prayer_time]

Development by: webnewsdesign.com