চলতি আসরেই আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। তাদের ২৭৭ রানের সেই রেকর্ড আজ (বুধবার) প্রায় ভেঙে দেওয়ার পথেই ছিল কলকাতা নাইট রাইডার্স। যদিও শেষ পর্যন্ত সেটি আর সম্ভব হয়নি। তবে সুনীল নারিন ও অংক্রিশ রঘুবংশীর ঝোড়ো ব্যাটিংয়ে এক ইনিংসে আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড হয়ে গেছে। জোড়া ফিফটিতে নির্ধারিত ওভার শেষে দিল্লি ক্যাপিটালসকে ২৭৩ রানের লক্ষ্য দিয়েছে কলকাতা।
বিশাখাপত্তমে এদিন নিজেদের চতুর্থ ম্যাচে কলকাতাকে আতিথ্য দিচ্ছে ঋষভ পান্তের দিল্লি। এখন পর্যন্ত এক ম্যাচে জয় পাওয়া স্বাগতিক দলটি ধুঁকছে বলা চলে। অন্যদিকে, শ্রেয়স আইয়ারের কলকাতা মাঠে নেমেছিল আসরের টানা তৃতীয় জয় তুলে নেওয়ার লক্ষ্যে। তাদের সেই কাজ কিছুটা সহজই করে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার নারিন। অসতর্কতাবশত খেলা শটে যদিও তার সেঞ্চুরি পাওয়া হয়নি। তবে নারিনের ৮৫, রঘুবংশীর ৫৪ এবং আন্দ্রে রাসেলের ৪১ রানের সুবাদে জয়ের জন্য যথেষ্ট পুঁজি পেয়ে গেছে কলকাতা!
Development by: webnewsdesign.com