দেশের রাস্তাঘাট, বহুতল ভবন, পদ্মা সেতু, মেট্রো রেল, যুমনা সেতুর রেল সংযোগ, মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র, রূপপুর পারমাণবিক বিদ্যুকেন্দ্র, পায়রা গভীর সমুদ্রবন্দর, রামপাল বিদ্যুৎকেন্দ্র এবং শহর-গ্রামে সরকারের বিপুল উন্নয়ন দেখে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
আজ বৃহস্পতিবার রাজশাহীর দুর্গাপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, ‘আজকাল বিএনপি অনেক কথা বলে। আসলে বিএনপির মাথাটাই খারাপ হয়ে গেছে।
কারণ দীর্ঘদিন তারা রাষ্ট্রক্ষমতার বাইরে। নয়াপল্টনের অফিসে বসে প্রতিদিন ঘণ্টা বাজায়। রিজভী সাহেব ঘণ্টা বাজায় আর বলে আওয়ামী লীগের বিদায়ি ঘণ্টা বেজে গেছে। কিন্তু তাতে কেউ সাড়া দেয় না। এমনকি তাদের কর্মীরাও সাড়া দেয় না। ‘
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি বলে পদ্মা সেতু হবে না। আওয়ামী লীগ পদ্মা সেতু করতে পারবে না। অথচ পদ্মা সেতু হয়ে গেছে। গত পহেলা জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর এপার থেকে ওপার গেছেন। এখন শুধু উদ্বোধনের পালা।
পদ্মা সেতুতে ওঠার আগে বিএনপিকে তওবা করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘এখন আমি অপেক্ষা করছি, কখন এই পদ্মা সেতুর ওপর দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রিজভী সাহেব যান। অপেক্ষা করছি, কখন তাঁরা পদ্মা সেতুর ওপর দিয়ে যান, নাকি পদ্মা সেতুর নিচ দিয়ে আওয়ামী লীগের নৌকার চড়ে পার হন। এটা এখন দেখার পালা। ‘
দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল আওয়াল শামীম ও নূরুল ইসলাম ঠান্ডু। সম্মেলন উদ্বোধন করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার। প্রধান বক্তা ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা।
এক পর্যায়ে সমঝোতা না হয়ে ভোটাভুটির প্রস্তাব করা হয় বৈঠকে। পরে সেই বৈঠক থেকে কেন্দ্রের নেতারা বের হয়ে জেলায় চলে যান। পরে সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার তার ফেসবুকে প্রচার করেন উপজেলা আওয়ামী লীগের কমিটিতে ঠাঁই পাওয়া সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম। উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন দুর্গাপুর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ, আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দাওকান্দি সরকারি কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক।
সম্মেলনের শুরুতেই জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথিসহ অন্য অতিথিবৃন্দ। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধ-সংগ্রামের সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
Development by: webnewsdesign.com