ব্রেকিং

x

ভোর না হতেই কিয়েভের আবাসিক ভবনে হামলা

বুধবার, ১৬ মার্চ ২০২২ | ১১:৩৩ অপরাহ্ণ | 147 বার

ভোর না হতেই কিয়েভের আবাসিক ভবনে হামলা
ভোরে কিয়েভের একটি আবাসিক ভবনে হামলার পর আগুন ধরে যায় ছবি: বিবিসির সৌজন্যে

ইউক্রেনের রাজধানী কিয়েভে দুই দিনের কারফিউ চলার মধ্যেই শহরটির বিভিন্ন আবাসিক ভবনে গোলা হামলা হয়েছে। স্থানীয় সময় আজ বুধবার সকালে হামলার পর কয়েকটি ভবনে আগুন ধরে যায়। ইউক্রেনের জরুরি সেবা কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এসব তথ্য জানিয়েছে।

ইউক্রেনে রুশ হামলা ২১তম দিনে গড়িয়েছে আজ বুধবার। এদিন ভোর রাত থেকেই রাজধানী কিয়েভসহ বড় বড় শহরে বিমান হামলাজনিত সতর্ক সংকেত বাজতে শোনা গেছে। কিয়েভের মেয়র শহরটিতে গতকাল মঙ্গলবার রাত আটটা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা পর্যন্ত কারফিউ ঘোষণা করেছেন। স্থানীয় লোকজনকে বাড়িতে অবস্থান করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি। এর মধ্যেই আজ সকালে শহরটির বিভিন্ন ভবনে গোলা হামলা হয়েছে।



কিয়েভের জরুরি সেবা কর্তৃপক্ষ জানিয়েছে, ভোর ৬টার দিকে শেভচেঙ্কো এলাকার একটি ১২ তলা ভবনে রুশ গোলা হামলা হয়েছে। এতে ভবনটিতে আগুন ধরে যায়। আহত হন দুজন। ৩৫ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। সকাল পৌনে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সেখানে আর কেউ আটকে পড়ে আছেন কি না, তা নিশ্চিত হতে উদ্ধার তৎপরতা চলছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ১২ তলা ভবনের পাশে থাকা একটি ৯ তলা ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে বিভিন্ন ভবনের ওপর ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।

বিমান হামলা থেকে বাঁচতে ইউক্রেনীয়দের অনেকে এখনো বাংকার ও পাতাল আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। রাজধানী কিয়েভ এখন এক কঠিন ও ভয়াবহ সময়ের মধ্যে আছে উল্লেখ করে সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

ইউক্রেনে রুশ অভিযানের মধ্যে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তিন সদস্য দেশ পোল্যান্ড, স্লোভেনিয়া ও চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রীরা। চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইউরোপ সব সময় ইউক্রেনীয় জনগণের পাশে আছে বলে আশ্বস্ত করেছেন তাঁরা।

এদিকে এক টুইটে ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শিমহাল বলেছেন, রাশিয়ার হামলার পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনের ৫০০ বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। যুদ্ধপরবর্তী ইউক্রেন পুনর্গঠনে এ ব্যয় রাশিয়াকেই পরিশোধ করতে হবে বলে দাবি করেন তিনি।

নামাজের সময়সূচি

[prayer_time]

Development by: webnewsdesign.com