ব্রেকিং

x

কে কার নাম প্রস্তাব করেছে, তথ্য চেয়ে সুজনের আবেদন

বুধবার, ২৩ ফেব্রুয়ারি ২০২২ | ১০:৩০ অপরাহ্ণ | 150 বার

কে কার নাম প্রস্তাব করেছে, তথ্য চেয়ে সুজনের আবেদন
বদিউল আলম মজুমদার ফাইল ছবি

নির্বাচন কমিশন গঠনের জন্য অনুসন্ধান কমিটির কাছে কারা কার নাম প্রস্তাব করেছে তা জানতে চেয়ে তথ্য অধিকার আইন অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগে আবেদন করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। ১৬ ফেব্রুয়ারি তিনি আবেদনটি করেন। আজ বুধবার সুজনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আবেদনে বলা হয়, নির্বাচন কমিশনে নিয়োগে যোগ্য ব্যক্তি সুপারিশের জন্য গঠিত অনুসন্ধান কমিটির কাছে ব্যক্তি, রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ৩২২ জনের নাম জমা পড়েছে। ১৪ ফেব্রুয়ারি এসব নাম প্রকাশ করা হয়েছে। কিন্তু কোন ব্যক্তির নাম কে প্রস্তাব করেছে, মন্ত্রিপরিষদ বিভাগ তা প্রকাশ করেনি। ফলে প্রকাশিত তথ্য অসম্পূর্ণ।



আবেদনে বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ আইনের ৪(১) ধারায় বলা হয়েছে, অনুসন্ধান কমিটি স্বচ্ছতা ও নিরপেক্ষতার নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করবে। অসম্পূর্ণ তথ্য প্রকাশ করলে বা তথ্য গোপন করলে স্বচ্ছতা নিশ্চিত হয় না। আবেদনে বদিউল আলম মজুমদার বলেন, তথ্য অধিকার আইনের ৪ ধারা অনুযায়ী কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য পাওয়া প্রত্যেক নাগরিকের আইনস্বীকৃত অধিকার। তিনি বাংলাদেশের নাগরিক হিসেবে তথ্য অধিকার আইনের ৮(১) ধারার অধীনে ৩২২ জনের পরিপূর্ণ তথ্য পেতে চান। প্রস্তাবিত নামের পাশাপাশি প্রস্তাবকারীর নাম; অর্থাৎ কে কার নাম প্রস্তাব করেছে, তার পরিপূর্ণ তালিকা পাওয়ার জন্য তিনি আবেদন করেছেন।

এদিকে এরই মধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য ১০ জনের নাম চূড়ান্ত করেছে অনুসন্ধান কমিটি। আগামীকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে কমিটি এসব নাম জমা দেবে। তবে ১০টি নাম প্রকাশ না করার বিষয়ে কমিটি আগের সিদ্ধান্তেই অটল রয়েছে।

এবারই প্রথম আইন অনুযায়ী ইসি গঠিত হচ্ছে। গত ২৭ জানুয়ারি জাতীয় সংসদে আইন পাসের পর ইসি গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ে ৫ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করা হয়।

এই কমিটি নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে নাম দেওয়ার অনুরোধ করেছিল। ব্যক্তিপর্যায়েও নাম আহ্বান করা হয়। ১৪ ফেব্রুয়ারি ৩২২ জনের নামের তালিকা প্রকাশ করে কমিটি। এরপরও বিশিষ্টজনদের সঙ্গে বৈঠকে আরও কিছু নামের প্রস্তাব আসে।

নামাজের সময়সূচি

[prayer_time]

Development by: webnewsdesign.com