পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগের বাধায় পণ্ড হয়ে গেছে ঝালকাঠির সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয়ে হামলা ও আসবাবপত্র ভাঙচুর করে বলে অভিযোগ করেন বিএনপির নেতারা।
রোববার বেলা ১১টায় শহরের মধ্যচাঁদকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।
জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন অভিযোগ করেন, সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন বেলা ১১টায় জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বিলকিস জাহান শিরিন।
সম্মেলনে অংশ নিতে নেতাকর্মীরা জড়ো হলে পুলিশ গিয়ে দলীয় নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। খবর পেয়ে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা গিয়ে সম্মেলনস্থল জেলা বিএনপির কার্যালয়ে আসবাবপত্র ভাংচুর করে। এতে পণ্ড হয়ে যায় সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন।
পরে কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতারা ভাঙচুর হওয়া কার্যালয়ে গেলে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা হয়। পুলিশ নেতাকর্মীদের কার্যালয় থেকে বের করে দেয় বলেও অভিযোগ করেন বিএনপির নেতারা।
ঝালকাঠি থানার ওসি খলিলুর রহমান জানান, সদর উপজেলা বিএনপি নেতাদের সম্মেলন করার জন্য কোনো অনুমতি দেওয়া হয়নি। এরপরও তারা কার্যালয়ে আসলে পুলিশ তাদের সরিয়ে দেয়। কারা কার্যালয় ভাঙচুর করেছে, তা পুলিশের জানা নেই।
ঝালকাঠি জেলা যুবলীগের আহবায়ক রেজাউল করিম জাকির জানান, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবসের কর্মসূচি নিয়ে ব্যস্ত। বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে অফিস ভাঙচুর হতে পারে।
Development by: webnewsdesign.com