গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারও বর্তমান সংকটের সমাধান দিতে পারবে না। নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন। এ জন্য সরকারকে পদত্যাগ করে বর্তমান সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
আজ বৃহস্পতিবার হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে ‘রাজনৈতিক সংকট উত্তরণের রূপরেখা ও করণীয়; সুষ্ঠু নির্বাচনব্যবস্থা ও নির্বাচন কমিশন পুনর্গঠন এবং গণতান্ত্রিক আন্দোলনের বৃহত্তর ঐক্য’ শীর্ষক সংবাদ সম্মেলনে জোনায়েদ সাকি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, এই অন্তর্বর্তী সরকার রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করবে। তারা ইভিএম ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণের ব্যবস্থাও করবে।
জোনায়েদ সাকি বলেন, রাজনৈতিক দলগুলোর আস্থা তৈরি করে পরবর্তী তিনটি জাতীয় নির্বাচনও এ রকম অন্তর্বর্তী সরকারের অধীনে করতে হবে। অন্তর্বর্তী সরকারের কাঠামো কেমন হবে, তা ঐকমত্যের ভিত্তিতে নির্ধারণ করতে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের মডেল বিবেচনায় নেওয়া যেতে পারে। তিনি বলেন, ভোটাধিকার ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে বৃহত্তর ঐক্যের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে।
সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন সম্পাদকমণ্ডলীর সদস্য জুলহাসনাইন বাবু। এ সময় আরও উপস্থিত ছিলেন দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, তাসলিমা আখতার প্রমুখ।
Development by: webnewsdesign.com