সফলতার জোয়ারে ভাসছেন ভারতের ‘জাতীয় ক্রাশ’ রাশমিকা মান্দানা। আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবির অসাধারণ সফলতার পর এই দক্ষিণি নায়িকার জনপ্রিয়তা এখন আকাশছোঁয়া। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবি ঘিরে রাশমিকা কতটা আশাবাদী ছিলেন, সেটাই জানালেন এবার।
‘পুষ্পা’ সব মিলিয়ে ৩০০ কোটির বেশি ব্যবসা করছে। শুধু হিন্দি ভাষাতে ছবিটি ৮৯ কোটি আয় করেছে। রাশমিকা তাঁর এই ছবির আশাতীত সাফল্যে দারুণ খুশি। এতটা সাফল্য তিনি আশা করেছিলেন কি না, জবাবে রাশমিকা বলেছেন, ‘সত্যি বলতে, আমি কোনো রকম আশা করিনি। আমার কোনো ধারণাই ছিল না। এটা আমার ক্যারিয়ারের প্রথম সবচেয়ে বড় ছবি। আগে আমি কখনো এ ধরনের ছবিতে অভিনয় করিনি। আগে এ ধরনের ছবিতে কাজ না করলে আপনি কোনো রকম আশা করতে পারেন না। জানতাম যে বড় মাপের ছবি হতে চলেছে, কিন্তু কতটা বড় হচ্ছে, তা নিয়ে কোনো ধারণাই ছিল না আমার। হ্যাঁ, তবে “পুষ্পা” ঘিরে আমি আত্মবিশ্বাসী ছিলাম। কারণ, আমি জানতাম যে আমরা কী দিতে চলেছি।’

‘পুষ্পা: দ্য রুল’-এর জন্য তিনি তিন কোটি দর হেঁকেছেন ইনস্টাগ্রাম
‘পুষ্পা’ সম্পর্কে রাশমিকা আরও বলেছেন, ‘“পুষ্পা” ছবির পেছনে আমাদের সবার কঠোর পরিশ্রম ছিল। আমার সহশিল্পী আল্লু অর্জুন বলতে থাকে যে এই ছবির জন্য আমরা চার ছবির সমান পরিশ্রম করেছি। আমরা সবাই মিলে দর্শকদের এক আলাদা দুনিয়ায় নিয়ে গিয়েছিলাম।’ এই দক্ষিণি নায়িকা জানিয়েছেন যে খুব শিগগির ‘পুষ্পা’ ছবির আগামী পর্বের শুটিং শুরু হবে। ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবির সফলতার পর রাশমিকা নিজের পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন। এই ছবির দ্বিতীয় পর্ব ‘পুষ্পা: দ্য রুল’-এর জন্য তিনি তিন কোটি দর হেঁকেছেন।
‘পুষ্পা: দ্য রাইজ’ ছবির পরিচালক সুকুমার ঘোষণা করেছেন যে আগামী ফেব্রুয়ারিতে এই ছবির দ্বিতীয় পর্বের শুটিং শুরু হবে। আর ‘পুষ্পা: দ্য রুল’ এ বছরের শেষের দিকে বড় পর্দায় মুক্তি পাবে।
Development by: webnewsdesign.com