ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেছেন, ২০২২ সালেই শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হবে। এ সালেই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ও ক্ষমতা বদল হবে। জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা হবে।
ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রোববার দুপুরে বগুড়ায় আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে শহরের শহীদ টিটু মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ আরও বলেন, গণতন্ত্র ফেরানোর জন্য, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, আওয়ামী লীগের দুঃশাসন থেকে দেশকে মুক্ত করার জন্য, শেখ হাসিনা সরকারের পতনের জন্য, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরানোর জন্য সরকার পতনের দুর্বার আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে হবে। ক্ষমতায় টিকে থাকার জন্য তারা গুলি ছুড়লে সেই গুলি বুকে নেওয়ার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।
বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসানের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর রহমান।
এ ছাড়া বক্তব্য দেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সাংসদ মোশারফ হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ও ফজলুল বারী তালুকদার, জেলা বিএনপির সদস্য আলী আজগর তালুকদার, এম আর ইসলাম প্রমুখ।
Development by: webnewsdesign.com