করোনাভাইরাসের টিকা না–নেওয়া ব্যক্তিদের নিয়ে মন্তব্য করে তোপের মুখে পড়েছেন নেদারল্যান্ডসের এক পার্লামেন্ট সদস্য। তিনি টুইটারে লিখেছিলেন, যাঁরা টিকা নেননি, তাঁরা নব্য ইহুদি।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ওই পার্লামেন্ট সদস্যের নাম থিয়েরি বউদেত। তিনি পোস্ট দেওয়ার পর বিষয়টি আদালতের নজরে আনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বেঁচে যাওয়া ইহুদিদের সংগঠন। এরপর গতকাল বুধবার নেদারল্যান্ডসের এক আদালত থিয়েরির বিরুদ্ধে এক আদেশে বলেন, থিয়েরিকে ওই পোস্ট ৪৮ ঘণ্টার মধ্যে সরিয়ে নিতে হবে। নয়তো ২৮ হাজার মার্কিন ডলার জরিমানা গুনতে হবে।
নেদারল্যান্ডসের সরকার টিকা না–নেওয়া ব্যক্তিদের অনেক স্থানে যাতায়াতের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে। কিন্তু টিকা ও করোনার বিধিনিষেধের বিরোধী থিয়েরি। ডানপন্থী এই নেতা ফোরাম ফর ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠাতা। পলিটিকোর খবরে বলা হয়েছে, করোনার টিকা নিয়ে নভেম্বরজুড়ে বিভিন্ন ধরনের পোস্ট দিয়েছেন তিনি।এই নেতা টুইটারে যেসব পোস্ট দিয়েছিলেন তার একটি ছবিতে দেখা যায়, পশ্চিমা দেশগুলোয় পালিত হওয়া খ্রিষ্টান ধর্মাবলম্বীদের উৎসব সেন্ট নিকোলাস পার্টিতে নেদারল্যান্ডসের এক তরুণকে ঢুকতে দেওয়া হচ্ছে না। মূলত টিকা না–নেওয়া ব্যক্তিদের বর্তমান পরিস্থিতির সঙ্গে এর তুলনা করেছেন তিনি। আরেকটি ছবিতে দেখা যায়, নাৎসিদের প্রতিষ্ঠিত পোল্যান্ডের একটি কারাগার থেকে বেরিয়ে আসছে এক ইহুদি তরুণ। এসব কারাগার থেকে ইহুদিদের বের করে নিয়ে যাওয়া হতো আরেকটি শোধনাগারে। মূলত এসব শোধনাগারে গণহত্যা চালানো হয়েছে।
এদিকে আদালত ওই নেতার বিরুদ্ধে দেওয়া আদেশে উল্লেখ করেছেন, যে পোস্ট তিনি দিয়েছেন তা হলো কাস্ট ভুক্তভোগী ও তাদের আত্মীয়দের জন্য আপত্তিকর। এ ছাড়া একে মতপ্রকাশে স্বাধীনতার স্বেচ্ছাচারিতা বলেও উল্লেখ করেছেন আদালত।
থিয়েরির আইনজীবী বলেন, কাউকে আহত করার জন্য এই পোস্ট দেওয়া হয়নি। টিকা না–নেওয়া ব্যক্তিদের স্বাধীনতা যেভাবে খর্ব হচ্ছে, সেটাই তুলে ধরেছেন থিয়েরি। এ ছাড়া এ নিয়ে উচ্চ আদালতে আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
Development by: webnewsdesign.com